আগামী ১৬ মার্চ দিনাজপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে খাল খনন কর্মসূচীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি আন্দোলন ও বিপ্লব হিসেবে উল্লেখ করেছেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশকে স্বনির্ভর করাই ছিল জিয়াউর রহমানের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আগামী ১৬ মার্চ দিনাজপুরে এ কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রামে সাহাপাড়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানি সম্পদ মন্ত্রী এ তথ্য জানান।
প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, সেচ ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন খাল খনন বা পুনঃখনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ও নদীতে পলি জমে দোকানপাট ও বাড়িঘর গড়ে উঠেছিল। জনগণের সহযোগিতা ছাড়া এ কর্মসূচী সফল করা সম্ভব নয় বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, জনস্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করেই এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। অতীতে যে ধরনের দুর্নীতি হয়েছিল, তা যেন পুনরায় না ঘটে সেদিকে বিশেষ নজর থাকবে।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্লাহসহ রংপুর বিভাগ ও দিনাজপুর জেলার প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন