রোববার থেকে রেশনিংয়ের নির্দেশনা, পঞ্চগড়ে শুক্রবার রাত থেকেই তেল বিক্রি সীমিত
দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট এড়াতে সরকার আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত লিখিত নির্দেশনা দেশের সকল পেট্রল পাম্পে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে সরকারি নির্দেশনা কার্যকর হওয়ার আগেই পঞ্চগড়ের কয়েকটি পেট্রল পাম্পে সীমিত পরিমাণে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, পঞ্চগড় শহরের হুদা পাম্পসহ কয়েকটি পাম্পে শুক্রবার রাত থেকেই নির্ধারিত পরিমাণের বেশি জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। এতে করে প্রয়োজন অনুযায়ী তেল না পেয়ে বিপাকে পড়েছেন মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনের চালকরা।
স্থানীয় মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম বলেন, রোববার থেকে রেশনিং শুরু হওয়ার কথা শুনেছি। কিন্তু শুক্রবার রাতেই পাম্পে এসে দেখি তেল সীমিত করে দেওয়া হচ্ছে। প্রয়োজন মতো তেল না পেয়ে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।
আরেকজন চালক আব্দুল করিম বলেন, দিনে কয়েকবার তেল নিতে হয়। কিন্তু এখন নির্দিষ্ট পরিমাণের বেশি দিচ্ছে না। এতে করে গাড়ি চালানো কঠিন হয়ে যাচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, সরকারি নির্দেশনা আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই যদি এভাবে রেশনিং পদ্ধতি চালু করা হয়, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন।
পঞ্চগড় সদর উপজেলার হ্যালিপ্যাড এলাকায় অবস্থিত হুদা পাম্পের ম্যানেজার মাসুদ রানা বলেন, সরকার ৬ মার্চ থেকে এ নির্দেশনা কার্যকর করার কথা জানিয়েছে। সে অনুযায়ী আমরা আজ থেকেই রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করেছি।
এদিকে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভোক্তা ও যানবাহন চালকরা।
পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিতভাবে জানা হয়নি। তবে আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন