পঞ্চগড়ে বদলি আদেশের চার মাসেও বোদা ছাড়েননি মহিলা বিষয়ক কর্মকর্তা, ক্ষোভ কর্মকর্তা-কর্মচারীদের
পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করা হলেও চার মাস পার হয়ে গেলেও তিনি এখনও দায়িত্ব হস্তান্তর না করে কার্যালয়ে বহাল রয়েছেন। এ নিয়ে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে তিনি বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কিছুদিন পর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বদলি হলে তাকে উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় সরকারি নিয়ম অনুযায়ী গত বছরের নভেম্বরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়। তবে বদলির আদেশের চার মাস পার হলেও তিনি এখনো নতুন কর্মস্থলে যোগদান করেননি।
অভিযোগ রয়েছে, সম্প্রতি বদলি ঠেকাতে তিনি মরিয়া হয়ে ওঠেন এবং জেলা কার্যালয়ের কিছু কর্মচারীর ওপর চাপ প্রয়োগ করে আরও কিছুদিন বোদা উপজেলায় দায়িত্ব পালনের সুযোগ চেয়ে অধিদপ্তরে লিখিত আবেদন করেন।
এদিকে সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উপজেলা কার্যালয়ে বারবার গেলেও অধিকাংশ সময় ওই কর্মকর্তাকে পাওয়া যায় না। লায়লা আক্তারসহ একাধিক সেবা প্রার্থীর দাবি, ভিডাব্লিউবি কর্মসূচি সংক্রান্ত সমস্যা নিয়ে বহুবার গেলেও তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। পাশাপাশি তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, কর্মকর্তার অসদাচরণে তারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। অনেক সময় ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে লিখিত নেন বলেও অভিযোগ রয়েছে। তারা বিতর্কিত এ কর্মকর্তার বদলির আদেশ কার্যকর রেখে দ্রুত তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠোফোনে ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন