মূল কনটেন্টে যান
আজঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৩০ ভাদ্র ১৪৩৩ - ১ রবিউস সানি ১৪৪৮

রংপুরে ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২০

রংপুরে ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২০

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৯ দুপুর আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ সকাল

সংক্ষেপে

রংপুরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু; রমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ রোগী ভর্তি হয়েছেন।

  • উপজেলা: রংপুর সদর
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার মিনারা বেগম ও মিঠাপুকুর উপজেলার জান্নাতি বেগম। তাদের মধ্যে মিনারা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আইসিইউতে এবং জান্নাতি বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মিনারা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে এসে রমেক হাসপাতালে ভর্তি হন পীরগঞ্জের বাসিন্দা মিনারা বেগম। ভর্তির পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে, মিঠাপুকুরের বাসিন্দা জান্নাতি বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। জ্বরের সঙ্গে প্রচণ্ড দুর্বলতা, পেটব্যথা, বমি, রক্তপাত, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘুমঘুম ভাব কিংবা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। জ্বর কমে গেলেই রোগী সুস্থ হয়ে গেছেন—এমনটি মনে না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যেতে হবে।

রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রোগীর অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দেরি না করে হাসপাতালে ভর্তি করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকা জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। জ্বর হলে নিজের ইচ্ছায় ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত রমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ৪৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।