মূল কনটেন্টে যান
আজঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৯ ভাদ্র ১৪৩৩ - ৩০ রবিউল আউয়াল ১৪৪৮

রংপুরে পৃথক উপজেলায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরে পৃথক উপজেলায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ বিকাল আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ সকাল

সংক্ষেপে

রংপুরের গঙ্গাচড়া ও বদরগঞ্জে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার; মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত চলছে।

  • উপজেলা: রংপুর সদর
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

রংপুরের গঙ্গাচড়া ও বদরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধ ও নির্যাতনের ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিল্লানির মাজার এলাকায় শুক্রবার মধ্যরাতে শ্বশুরবাড়ির শয়নকক্ষ থেকে আরিফা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার শামীম মিয়ার স্ত্রী। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আরিফার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, ২০২৪ সালে শামীমের সঙ্গে পালিয়ে বিয়ে হয় আরিফার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। পরিবারের পক্ষ থেকে কয়েক দফায় ২ লাখ ৮০ হাজার টাকা যৌতুক দেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি তাদের।

আরিফার মা রওশন বেগম অভিযোগ করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে তার নাতনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, ঘটনার দুই দিন আগে আরিফার শাশুড়ি আফরোজা বেগম ঢাকার লাকসাম থেকে বাড়িতে আসেন। ঘটনার সময় আরিফার ননদ শিমুও বাড়িতে ছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে শ্বশুরবাড়ির কারও বক্তব্য পাওয়া যায়নি।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচণ্ডির খামার কোল গ্রামে শরিফা বেগম (৩৫) নামে আরেক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শরিফা উপজেলার শ্যামপুর আদর্শপাড়ার বাসিন্দা মাসুম মিয়ার স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে প্রায় তিন বছর ধরে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন শরিফা। এ সময় স্বামী মাসুম স্ত্রী ও সন্তানদের খোঁজখবর নিতেন বলে স্থানীয়দের ভাষ্য।

শরিফার মৃত্যুর কারণ নিয়েও পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকজনকে সন্দেহ করা হচ্ছে বলে জানা গেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।