মূল কনটেন্টে যান
আজঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৯ ভাদ্র ১৪৩৩ - ৩০ রবিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থান ধ্বংস করতে নগরবাসীর প্রতি আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থান ধ্বংস করতে নগরবাসীর প্রতি আহ্বান

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ বিকাল আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯ রাত

সংক্ষেপে

রংপুরে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু; নগরজুড়ে বিশেষ কার্যক্রমে ১০০ কর্মী যুক্ত হচ্ছেন।

  • উপজেলা: রংপুর সদর
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

রংপুরে সারাদেশের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে বড় পর্দায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। এছাড়া সেনাবাহিনীর সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বিজ্ঞাপন

পরে রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানে জেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। এতে বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে রংপুর সিটি করপোরেশন নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। তবে ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, ডাবের খোসা, পুরোনো টায়ার, ফুলের টবসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি বাড়ি, অফিস-আদালত ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব।

পরে সুরভি উদ্যানে ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার, আগাছা অপসারণ, মশক নিধনে ধোঁয়া ও স্প্রে করা হয়।

সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আগামী তিন মাস অতিরিক্ত ১০০ জন পরিচ্ছন্নতাকর্মী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে কাজ করবেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।