দিনাজপুরে ২৯ বিজিবি'র উদ্যোগে ১৫ জন যুবক পেল ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ, টুলস ও সনদপত্র
দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৫ জন যুবকের মাঝে প্রশিক্ষণ শেষে ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং টুলস এবং সনদপত্র প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৯ বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ এলুয়াড়ী সীমান্ত প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় টুলস তুলে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
গত ২৬ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী বিজিবির দায়িত্বপূর্ণ এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্ত এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে “বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু হয়। ৪ সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ শেষে মঙ্গলবার এর সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচারের মতো অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক প্রহরীর দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারবে।
অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, পিএসসি, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান, চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন