চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত ৪ আগস্ট, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে চিরিরবন্দর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ইয়াবা ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগে বিশ্বনাথপুর গ্রামের মোছা. সামছুন্নাহার (৪০) এবং কুতুবপুর গ্রামের মো. রাব্বি হাসান (২১)-কে আটক করা হয়। এ সময় সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুন্নবী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোছা. সামছুন্নাহারকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. রাব্বি হাসানকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুন্নবী বলেন, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন