মূল কনটেন্টে যান
আজঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৯ আশ্বিন ১৪৩৩ - ১১ রবিউস সানি ১৪৪৮

রংপুরে বিদ্যুৎ গ্রাহকেরা নেসকো ঘেরাও করে প্রিপেইড মিটারের বাড়তি খরচ ও ভোগান্তির প্রতিবাদ

রংপুরে বিদ্যুৎ গ্রাহকেরা নেসকো ঘেরাও করে প্রিপেইড মিটারের বাড়তি খরচ ও ভোগান্তির প্রতিবাদ

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ দুপুর আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ রাত

সংক্ষেপে

রংপুরে প্রিপেইড মিটার বাতিল ও পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে নেসকো কার্যালয় ঘেরাও করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

  • উপজেলা: রংপুর সদর
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

রংপুরে প্রিপেইড মিটার বাতিল ও অপসারণসহ নতুন সংযোগে পোস্টপেইড মিটার দেওয়ার দাবিতে নেসকো কার্যালয় ঘেরাও করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। কর্মসূচি থেকে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের পাশাপাশি নতুন বিদ্যুৎ সংযোগের আবেদনকারীদের পোস্টপেইড মিটার সরবরাহের দাবি জানানো হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর কলেজ রোডের খামার মোড়সংলগ্ন নেসকো কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে নগরীর শাপলা চত্বর ও লালবাগ থেকে দুটি মিছিল বের হয়ে নেসকো কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ঘেরাও কর্মসূচি শেষে কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, শাহিদুল ইসলাম সুমনসহ ভুক্তভোগী গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম ও রাজা মিয়া।

সমাবেশ শেষে নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর শত শত আবেদনপত্রসহ স্মারকলিপি দেওয়া হয়।

ভুক্তভোগী গ্রাহক শাহানারা খাতুন বলেন, তার বাসায় আগে যে লাইট, ফ্যান ও চুলা ছিল, এখনো সেগুলোই রয়েছে। বিদ্যুতের ব্যবহারও বাড়েনি। কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর বিদ্যুৎ খরচ প্রায় তিনগুণ বেড়েছে। তিনি প্রিপেইড মিটার খুলে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানান।

আরেক গ্রাহক শফিকুল ইসলাম অভিযোগ করেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে নেসকোর লোকজন তার স্ত্রীর কাছে গিয়ে প্রিপেইড মিটার লাগানোর কথা বলেন। মিটার না লাগালে ২০ হাজার টাকা জরিমানা ও মামলার ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। পরে তার স্ত্রী ভয়ে কিছু বলতে পারেননি এবং মিটার লাগিয়ে দেওয়া হয়। এরপর থেকে আগের তুলনায় বিদ্যুতের পেছনে বেশি টাকা খরচ হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, নেসকো গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড মিটার স্থাপন করেছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।

সংগঠনের সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু বলেন, শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগ ও দাবিগুলো কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। নেসকো গ্রাহকদের দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত প্রিপেইড মিটার অপসারণ করে আগের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে বলে তারা আশা করছেন। অন্যথায় কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রিপেইড মিটার বাতিলসহ ছয় দফা দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি।

ওই কর্মসূচি থেকে আন্দোলনকারীরা অভিযোগ করেন, সারাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার মধ্যে নেসকো প্রিপেইড মিটারের নামে গ্রাহকদের হয়রানি করছে। তারা প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।