পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন
সংক্ষেপে
পঞ্চগড়ে জেলা প্রশাসকের প্রতিবন্ধী সেবা কেন্দ্রে পরিদর্শন; সেবাগ্রহীতা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে যত্ন ও মানবিক আচরণের আহ্বান জানান।
- উপজেলা: পঞ্চগড় সদর
- জেলা: পঞ্চগড়
- বিভাগ: রংপুর
পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি প্রতিবন্ধী শিশু-কিশোর ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রের বিভিন্ন কক্ষ ও কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, থেরাপি ও অন্যান্য সেবা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জেলা প্রশাসককে কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিষয়ে অবহিত করেন।
জেলা প্রশাসক শুকরিয়া পারভীন কেন্দ্রের সেবাগ্রহীতা প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি শিশুদের হাতে চকলেট তুলে দেন। জেলা প্রশাসকের এমন আন্তরিক আচরণে শিশুদের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিবন্ধী শিশুদের প্রতি পরিবার ও সমাজের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “মানুষকে যদি সুযোগ দেওয়া হতো তার সন্তানকে বেছে নেওয়ার, তাহলে মানুষ হয়তো সুস্থ, সবল, বুদ্ধিমান ও সুন্দর শিশুকেই বেছে নিতেন। কিন্তু আল্লাহ আমাদের সেই সুযোগ দেননি। এটিই একটি নিয়ামত।”
তিনি আরও বলেন, “অন্যান্য দেশে এ ধরনের শিশুদের ‘গড গিফটেড’ বলা হয়—অর্থাৎ আল্লাহর উপহার। আমরা যখন কোনো উপহার পাই, তখন সেটিকে যত্ন করে রাখি। তেমনি এসব শিশুকেও আমাদের অত্যন্ত যত্ন, ভালোবাসা ও মমতার সঙ্গে রাখতে হবে।”
জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধিতা কোনো শিশুর সম্ভাবনার শেষ নয়। প্রয়োজনীয় পরিচর্যা, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও পরিবারের ভালোবাসা পেলে তারাও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা না করে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবার মান আরও উন্নত করা এবং সেবাগ্রহীতারা যাতে সহজে প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, ডা. দীপক কুমার রায়, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মো. শাহ আলম, অডিওমেট্রিশিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কেন্দ্রের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিবন্ধী মানুষের কল্যাণে সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।

মন্তব্য লিখুন