মূল কনটেন্টে যান
আজঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ -এ ৪ কার্তিক ১৪৩৩ - ৭ জুমাদাল উলা ১৪৪৮

দিনাজপুরে ধুকুরঝাড়ি দুর্গামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

দিনাজপুরে ধুকুরঝাড়ি দুর্গামণ্ডপ পরিদর্শনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ সকাল আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬, ৮:০৫ রাত

সংক্ষেপে

তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

  • উপজেলা: দিনাজপুর সদর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে দিনাজপুরের ধুকুরঝাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাঁরা দিনাজপুরের ধুকুরঝাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন, নিয়মিত টহল এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৮৯৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দিনাজপুর সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ২১০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৮৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে সতর্ক নজরদারি রাখা হয়েছে।

পরিদর্শনকালে রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা, সহযোগিতা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

এ সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, ধুকুরঝাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি সুধীর চন্দ্র, সাধারণ সম্পাদক পঞ্চম রায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার নিরাপত্তায় সদস্যরা দায়িত্ব পালন করবেন। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের আহ্বান জানিয়েছে বাহিনীটি।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।