পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ বর্ষের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা ও ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালের সনদপ্রাপ্ত আইনজীবীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এ সভা ও নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব এ. হাসান প্রধান এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ।
সভায় নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ. হাসান প্রধান বলেন, আইনজীবী সমিতিকে একটি সুসংগঠিত, গতিশীল ও আধুনিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নবীন আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ বলেন, নবীন আইনজীবীরা আমাদের ভবিষ্যৎ শক্তি। তাদের পাশে থেকে অভিজ্ঞ আইনজীবীরা দিকনির্দেশনা দিলে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি আরও সমৃদ্ধ হবে।
নবীন বরণ অনুষ্ঠানে নতুন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের উদ্দেশ্যে পেশাগত নৈতিকতা, দায়িত্ববোধ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমিতির সিনিয়র আইনজীবীসহ নবীন ও প্রবীণ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সভায় সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং আইনজীবীদের কল্যাণে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা ও নবীন বরণ অনুষ্ঠান শেষে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকির লক্ষ্যে একাধিক কমিটি গঠন করা হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন