ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বেরোবিতে মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের উপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ।এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও ক্যাম্পাসসহ সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
রবিবার ( ২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে বিকাল সাড়ে ৪ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বেরোবিসাসের কোষাধ্যক্ষ ও জাগো নিউজের প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুজ্জামান পুলক, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম ।এছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেরোবিসাসের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা ও হেনস্তা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এই হামলায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।"
বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ বলেন, গত ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদল কর্তৃক যে হামলা চালানো হয়েছে, আমরা মনে করি তা শুধু সাংবাদিকদের ওপর আঘাত নয়—এটি স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যমকে দমিয়ে রাখার অপচেষ্টা। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একইসঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।"
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন