মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ -এ ৩ আশ্বিন ১৪৩৩ - ৫ রবিউস সানি ১৪৪৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ ৪ জন আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ ৪ জন আটক

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ দুপুর আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ সকাল

সংক্ষেপে

দেবীগঞ্জে ঘোষিত কর্মসূচিতে যাওয়ার পথে উপজেলা যুবলীগ নেতাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

  • উপজেলা: দেবীগঞ্জ
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন, দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবলীগ।

পুলিশের দাবি, কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বের হচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসানো হয়। পরে রাত আড়াইটার দিকে কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় আয়নাল হকসহ চারজনকে আটক করা হয়।

পরে তাদের ২০২৫ সালে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।