শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই : হাবিপ্রবির ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্বলতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, “শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আমরা সেটি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করব। কোনো মেধাবী প্রার্থী যেন বঞ্চিত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।”
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ সালের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবো, তবে রেজাল্টই হবে মূল বিষয়। উন্নয়ন ও ভালো ফলাফল একসাথে এগিয়ে নিতে হবে।” তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় করা হয়, যা জনগণের অর্থ। তাই শিক্ষার্থীদের প্রতি জনগণের দায়বদ্ধতা রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের দিকে তোমাদের অভিভাবকরা তাকিয়ে আছেন। বিশ্ববিদ্যালয়ে থাকার প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে। আজকের এই সময়ই তোমাদের ভবিষ্যৎ গড়ে দেবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ এনামুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবিরসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন