কথা কাটাকাটি থেকে হাবিপ্রবিতে রাতভর সংঘর্ষ, আহত ১০-১৫
সিনিয়র জুনিয়র কথা কাটাকাটির জেরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের দুইটি গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের বরাতে সংঘর্ষে প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন হলের দুইটি অংশের (নূর হোসেন এবং এক্সটেনশন) ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট সংলগ্ন রাস্তায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা বাকবিতন্ডায় রূপ নেয় এবং ওই দুই শিক্ষার্থীর সাথে আরও শিক্ষার্থী জড়িয়ে পড়ে। এরপর তা হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ঘটনাস্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিক্ষকদের উপস্থিতিতেই শিক্ষার্থীরা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় হামলাকারী শিক্ষার্থীদের মাথায় হেলমেট, হাতে লাঠি দেখা যায়।এসময় প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা হলের সামনে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ৪ টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওআন বলেন, পুরোটা সময় আমরা ঘটনাস্থলে ছিলাম এবং শেষরাতের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। দুই পক্ষকে নিয়েই উপাচার্য স্যারের সাথে আজকে মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত হবে এ ঘটনায় পরবর্তীতে কি ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন