গাইবান্ধায় ২ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩
সংক্ষেপে
গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার; তিনজন আটক হলেও আরও ৮–১০ চোরাকারবারি পালিয়ে গেছে।
- উপজেলা: গাইবান্ধা সদর
- জেলা: গাইবান্ধা
- বিভাগ: রংপুর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ সময় ৩জনকে আটক করা হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে আরও ৮ থেকে ১০ জন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাখাহার ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)।
বিজিবি জানায়, অভিযানকালে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২টি মূর্তি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, যার ওজন ১৬ দশমিক ৮৭ কেজি এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা। উদ্ধার করা মূর্তি ২টি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে আটক ৩জনসহ অজ্ঞাতনামা পলাতক ৮-১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন