নবাবগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি, শ্রেষ্ঠ তিন নার্সারিকে পুরস্কার
দিনাজপুরের নবাবগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা মাঠে বন বিভাগের আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৩১ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি ঘটে এ অনুষ্ঠানের মাধ্যমে।
বিরামপুর চরকাই রেঞ্জ কর্মকর্তা আনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নবাবগঞ্জের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সুলতান হোসেন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এম. এস. নুর, হরিপুর বিট কর্মকর্তা শামসুল হোসেন, মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম এবং সাংবাদিক ওসমান আলী ও মিজানুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন নার্সারির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাঁরা প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং চলতি বর্ষা মৌসুমে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে দুলালি নার্সারি প্রথম, সুন্দর ফল নার্সারি দ্বিতীয় এবং আবদুল্লাহ নার্সারি তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
তিন দিনব্যাপী এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য মোট ১৪টি স্টল অংশ নেয়। উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এ বৃক্ষমেলার আয়োজন করে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন