খানসামায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামা উপজেলায় “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাটে জমির উদ্দিন শাহ্ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে রংপুর রিজিয়ন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার ডা. মো. এমরান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হায়দার আলী। ব্র্যাক এ আই এন্টারপ্রাইজের দিনাজপুর এএসএম ডা. মো. মারুফ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দিনাজপুর ব্রাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট এর ভেটেরিনারী সার্জন ডা. ইলারা পারভীন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন গবাদিপশু খামারি অংশগ্রহণ করেন। এতে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা ও রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন নিশ্চিত করা, উন্নত প্রজনন পদ্ধতি প্রয়োগ এবং কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা গ্রহণ করা গেলে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়; একই সঙ্গে খামারের লাভজনকতাও বহুগুণে বাড়ে।
প্রশিক্ষণ পর্বে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে; যা খামারিদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন