দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ঠেকাতে যৌথ অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বাহাদুর বাজার ও চকবাজার এলাকায় বিভিন্ন দোকান ও গোডাউনে এ তদারকি অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব, সেনাবাহিনী, বিএসটিআই ও পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় বাজারে ভোজ্য তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান, আদনান কবির উদয় ও ফয়জুর রহমান ফয়েজ। এছাড়া উপস্থিত ছিলেন র্যাব দিনাজপুর ক্যাম্পের মেজর কাউসার বাঁধন এবং বিএসটিআই’র সহকারী পরিচালক মহসিন রব্বানী।
অভিযানকালে অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে বাহাদুর বাজারের এসকে ব্রাদার্সকে ৫০ হাজার টাকা, মেসার্স পাটোয়ারী স্টোরকে ৫০ হাজার টাকা এবং মেসার্স সৈয়দ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে চকবাজার এলাকার মিলন ট্রেডার্সকে ১০ হাজার টাকা, লক্ষী ভান্ডারকে ১০ হাজার টাকা এবং রফিক স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোজ্য তেলের কৃত্রিম সংকট যেন কোনোভাবেই সৃষ্টি না হয়, সে লক্ষ্যে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও বৈধভাবে মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন