মাদকমুক্ত সমাজ গড়তে ম্যারাথন ও সাঁতরে যমুনা পাড়ি- দিনাজপুরে গণসংবর্ধনা
“মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই” স্লোগানকে সামনে রেখে ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত ব্যতিক্রমী ম্যারাথন সম্পন্ন করায় তরুণ ক্রীড়াবিদ মোঃ সাখাওয়াত হোসেন সাকিব ও তার সহযাত্রী সাইকেলিস্ট মোঃ রাব্বিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দিনাজপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন। তিনি ফুল দিয়ে সাকিবকে বরণ করে নেন এবং তার এই উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাটোয়ারী বিজনেস হাউসের মুখপাত্র শহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু এবং ক্রীড়া সংগঠক ও সাবেক কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকাসহ অন্যান্য অতিথিরা।
এর আগে গত ২ এপ্রিল সকালে ঢাকা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন সাকিব। যাত্রাপথে ৪ এপ্রিল তিনি যমুনা নদী সাঁতরে অতিক্রম করেন এবং পুনরায় দৌড় শুরু করেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৮ এপ্রিল বিকাল ৪টায় দিনাজপুর জিরো পয়েন্টে পৌঁছে তিনি এই কর্মসূচি সফলভাবে শেষ করেন।
সাকিব জানান, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সচেতন ও উদ্বুদ্ধ করাই তার এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চান তিনি।
শিক্ষাজীবনে তিনি সেন্ট যোসেফস স্কুল থেকে মাধ্যমিক এবং কাদের বক্স মেমোরিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাইকেল ভ্রমণ এবং বাংলা চ্যানেলে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
পাটোয়ারী বিজনেস হাউসের পক্ষ থেকে শহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, তরুণদের এমন ইতিবাচক উদ্যোগ সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিভা বিকাশে তারা পাশে থাকতে চান।
ভবিষ্যতে ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার আশাবাদ ব্যক্ত করেন সাকিব।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন