ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ, চালক-হেলপারকে জরিমানা
ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ট্রাকে করে পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকের চালক ও হেলপারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকসহ জব্দকৃত সার সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়।
জব্দ ট্রাকটির চালক বাবু ও হেলপার সুমনের বাড়ি কুষ্টিয়া জেলার মাল্লাতেঘরিয়া এলাকায়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, ভাউলার হাট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ট্রাকটিতে ৩৮০ বস্তা ডিএপি সার পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে ট্রাকচালক সার পরিবহনের বৈধ চালান ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী চালক বাবু ও হেলপার সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জরিমানা আদায়ের পর চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হলেও ট্রাকে থাকা ৩৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
অভিযান চলাকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, সদর থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে পরিবহন, মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন