তারাগঞ্জে রাতের আঁধারে লোকনাথ মন্দিরে চুরি, থানায় অভিযোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে লোকনাথ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে এবং ওই চুরির ঘটনায় ওই মন্দিরের সেবায়েত উকিল চন্দ্র বর্মণ বাদী হয়ে শুক্রবার (১মে) রাতে তারাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
থানার অভিযোগ ও মন্দিরের সেবায়েত উকিল চন্দ্র বর্মণের মাধ্যমে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) অন্যান্য দিনের মত সেদিন রাতেও ওই লোকনাথ মন্দিরের সেবায়েত উকিল চন্দ্র বর্মণ মন্দির ঠিকঠাক রেখে মন্দিরের পাশে তার নিজ বাড়িতে যান। পরের দিন সকালবেলা সেবায়েত উকিল চন্দ্র বর্মণের স্ত্রী মন্দিরে পূজা দেওয়ার জন্য আসলে দেখেন মন্দিরে পূজা দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সোনারুপার বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। মন্দিরে এমন অবস্থা দেখে সেবায়েতের স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মন্দিরের এলোমেলো অবস্থা দেখতে পান।
ওই মন্দিরের সেবায়েত উকিল চন্দ্র বর্মণ জানান, ' আমি দীর্ঘ দিন যাবত ওই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছি কিন্তু হঠাৎ এমন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছি। চুরি যাওয়ার পরের দিন সকালে রংপুর পুলিশ সুপার, তারাগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন । তারা আমাকে আশ্বস্ত করেছে যে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তারাগঞ্জ উপজেলা শাখা'র সাংগঠনিক সম্পাদক হরলাল রায় বলেন, ' মন্দিরের মত পবিত্র জায়গা থেকে জিনিসপত্র চুরি হয়ে যাওয়া খুবই দুঃখজনক বিষয়। প্রশাসনের কাছে আবেদন জানাই চুরি যাওয়া মালামাল দ্রুত উদ্ধার করবে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে'।
ওই মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কামরুল হাসান বলেন, 'অভিযোগ পেয়েছি অপরাধীকে ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি'।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন