রবি মৌসুমে ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে পঞ্চগড়ে সার্কেল সীডের মাঠ দিবস
রবি মৌসুমে অধিক ফলনশীল হাইব্রিড ভুট্টা চাষ সম্প্রসারণ ও কৃষকদের আধুনিক জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করতে পঞ্চগড়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গীপুকুড়ী এলাকার জোতবাহাদীপাড়ায় এ মাঠ দিবসের আয়োজন করে বীজ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান “সার্কেল সীড”।
অনুষ্ঠানে স্থানীয় ভুট্টাচাষীদের নিয়ে আলোচনা সভার মাধ্যমে সার্কেল সীডের উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টার জাত CIS-৯৪২৪ ও CIS-৩৩৫৫ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, রবি মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে উপযোগী এ জাতগুলো রোগ প্রতিরোধী, উৎপাদনশীল এবং কৃষকের জন্য লাভজনক।
মাঠ দিবসে বক্তারা বলেন, উন্নতমানের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়লে ভুট্টা উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে। কৃষকদের কাছে মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং মাঠ পর্যায়ে সরাসরি পরামর্শ প্রদান করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
স্থানীয় কৃষকরা জানান, সাম্প্রতিক সময়ে ভুট্টা চাষে লাভজনক ফলন পাওয়ায় এ অঞ্চলে ভুট্টা আবাদে আগ্রহ বাড়ছে। বিশেষ করে উচ্চ ফলনশীল ও রোগ সহনশীল জাতের বীজ ব্যবহারের ফলে উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও ফলন পাওয়া যাচ্ছে বেশি। এতে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
সার্কেল সীডের প্রতিনিধিরা বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী উন্নত ও আধুনিক জাতের বীজ সরবরাহের পাশাপাশি মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। রবি মৌসুমে ভুট্টার আবাদ আরও সম্প্রসারণে তারা কাজ করে যাচ্ছেন বলেও জানান।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন হাড়িভাসা ইউনিয়নের কৃষি কর্মকর্তা রাজাবুল হোসেন রাজা, সার্কেল সীড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম, কোম্পানির অংশীদার ও রংপুর বিভাগের বিভাগীয় ডিপো ইনচার্জ মোঃ বাকি বিল্লাহ আল আশরাফ, স্থানীয় প্রতিনিধি মোঃ রেজাউল করিম প্রধান রেজা, মোঃ মিলায়িতুজ্জামান মিলনসহ এলাকার বিভিন্ন গ্রামের ভুট্টাচাষীরা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন