আগামীর বাংলাদেশ হবে বিএনপি’র বাংলাদেশ, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন : নওশাদ জমির
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, আগামীর বাংলাদেশ হবে জাতীয়তাবাদী দলের বাংলাদেশ এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবেন।
তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পঞ্চাশ বছর পর গবেষণায় দেখা যাবে ২০২৬ সালে যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বাংলাদেশের মানুষ, তার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে গেছে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল, বেগম খালেদা জিয়ার আমলে অবৈতনিক শিক্ষার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হয়েছিল, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার পুরাতন পঞ্চগড় এলাকার মনোয়ারা কনভেনশন সেন্টার চত্বরে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওশাদ জমিরের স্ত্রী ডা. সোনিয়া জামান খান। এসময় তিনি শ্রমিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিদুল ইসলাম জসিম, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য দেন পঞ্চগড় সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজুসহ সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে শ্রমিক নেতা আকবর আলীর নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন। মতবিনিময় সভায় জেলার ১০টি শ্রমিক সংগঠনের প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেন।
এদিকে সকাল থেকেই বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের সদস্যরা মাথায় ধানের শীষের ফিতা বেঁধে মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন