কাঁচামাল সংকটে উত্তরা ইপিজেডে ম্যাজেন কারখানায় অনির্দিষ্টকালের লে-অফ
নীলফামারীর উত্তরা ইপিজেডে চশমা ও অপটিক্যাল ফ্রেম উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান ম্যাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করা হয়েছে। কাঁচামালের তীব্র সংকট ও ক্রেতাদের ক্রয় আদেশ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে অপারেশন্স ডিরেক্টর এরেন লি স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ও অর্ডার কমে যাওয়ায় নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আগামী ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, লে-অফ চলাকালীন সময়ে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বাংলাদেশ ইপিজেড আইন, ২০১৯-এর ধারা ১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। এ সময় কারখানায় উপস্থিতি বা দৈনিক হাজিরার প্রয়োজন হবে না। তবে কাঁচামাল সরবরাহ ও নতুন অর্ডার প্রাপ্তির ভিত্তিতে প্রয়োজন হলে সংশ্লিষ্টদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, অর্ডার ও কাঁচামাল সংকটের কারণে শ্রমিকদের কাজ দেওয়ার মতো পরিস্থিতি নেই। বায়ারদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। কাঁচামাল ও অর্ডার পাওয়া গেলে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য, কারখানাটিতে স্থানীয় ৪ হাজার ৩৬১ জন শ্রমিক কর্মরত রয়েছেন। এছাড়া ৯৬ জন চীনা নাগরিক ও বিশেষজ্ঞ সেখানে কর্মরত আছেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন