পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১০০ একর বনভূমি দখল
দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জের কুশদহ বিটের প্রায় ১ হাজার ১০০ একর বনভূমি দখলে নিয়েছেন উপকারভোগীরা। রাতের আঁধারে গাছ কেটে সরকারি জমিকে কৃষিজমিতে রূপান্তর করে চলছে ব্যাপক চাষাবাদ। এমনকি শতাধিক উপকারভোগী ওই জমি বিক্রিও করে দিয়েছেন। বর্তমানে প্রায় ৩০০ একর জমিতে গড়ে উঠেছে বহুতল বাড়ি, রিসোর্ট, কটেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি।
বন বিভাগের তথ্য অনুযায়ী, কুশদহ বিটের মোট জমি ১,৫২৫ একর হলেও দখলমুক্ত রয়েছে মাত্র ৪২৫ একর। উপকারভোগীদের সঙ্গে ২০০০-২০০১ অর্থবছরে বাগান রক্ষণাবেক্ষণের চুক্তি হয়েছিল। নিলামে বিক্রি হলে ৪৫% টাকা তারা, ৫৫% সরকার পেত। কিন্তু নির্ধারিত নিয়ম না মেনে তারা বন ধ্বংস করে কৃষিজমি ও বাগান বানাচ্ছেন।
অভিযুক্তদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য রাহেনুল ইসলাম ও মাদ্রাসা সুপার নুর ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তবে বন বিভাগের কর্মকর্তা আল আমিন হক জানান, “উপকারভোগীরাই এখন বন ধ্বংসের মূল নায়ক। নোটিশ, মামলা দিয়েও দখল ঠেকানো যাচ্ছে না।” তার মতে, রেঞ্জের মোট ৭,১৫০ একর জমির মধ্যে ৫,০০০ একরই এখন বেদখলে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, দখল ও বন ধ্বংসের অভিযোগ তদন্তাধীন রয়েছে, প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন