মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

একবারপুর সাঁওতাল পল্লীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

একবারপুর সাঁওতাল পল্লীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০২৬, ৫:২২ বিকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর
  • উপজেলা: দিনাজপুর সদর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলার একবারপুর সাঁওতাল পল্লীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই, ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর সদর-এর আয়োজনে এবং মুক্ত চিন্তা যুব সেবা সংঘের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় সাঁওতাল পল্লীর বিভিন্ন পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মামুন হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রানা এবং ক্যাশিয়ার মো. আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মামুন হাসান চৌধুরী বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। মুক্ত চিন্তা যুব সেবা সংঘ যেভাবে যুবকদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সরকারি প্রতিষ্ঠান ও যুব সংগঠনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “শুধু গাছ লাগানো নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে।”

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রানা বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় যুব নেতৃত্বাধীন ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করে। মুক্ত চিন্তা যুব সেবা সংঘ তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যেভাবে সম্পৃক্ত করছে, তা অন্যদের জন্য অনুকরণীয়।”

তিনি আরও বলেন, “এ ধরনের কার্যক্রম তরুণদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

মুক্ত চিন্তা যুব সেবা সংঘের প্রতিনিধিরা জানান, সংগঠনটি যুব নেতৃত্বের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। একবারপুর সাঁওতাল পল্লীতে আয়োজিত এ কর্মসূচি একটি সবুজ ও জলবায়ু-সহনশীল সমাজ গঠনের ধারাবাহিক উদ্যোগের অংশ।

এদিকে, স্থানীয় সাঁওতাল পল্লীর বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গাছ মানুষের জীবন ও প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিতরণ করা চারাগুলো ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরবর্তী প্রজন্মের জন্য উপকারী হবে। তারা চারাগুলোর যথাযথ পরিচর্যারও অঙ্গীকার করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম