ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬’ পালিত হয়েছে। কুষ্ঠ রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের লালিত কুসংস্কার দূর করার প্রত্যয় নিয়ে আয়োজিত হয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা।
রবিবার (২৫-জানুয়ারি) সকালে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচি (NLEP) এবং মাইকোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল (MBDC)-এর যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাশেদুজ্জামান। ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মমিনুর রহমান।
আলো সোসাইটির প্রতিনিধি মোঃ সোলায়মান আলী।
এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আগের স্থানে ফিরে আসে। এতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং কুষ্ঠ রোগ থেকে সুস্থ হওয়া ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জোর দিয়ে বলেন যে,কুষ্ঠ রোগ কোন জাতীয় অভিশাপ নয়, এটি সম্পূর্ণ নিরাময় যোগ্য রোগ। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে এ রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, আধুনিক যুগেও কুষ্ঠ নিয়ে সামাজিক ভীতি ও কুসংস্কার রয়ে গেছে, যা চিকিৎসা সেবার পথে বড় অন্তরায়। তারা কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করে তাদের সামাজিক মূলধারায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন যে, সরকারি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচি সফলভাবে এগিয়ে চলছে। এই কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান সার্বিক সহায়তা প্রদান করে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন