তারাগঞ্জে হত্যাকাণ্ডের শিকার নিহত সেই মঞ্জুরুলের পরিবারকে সেলাই মেশিন দিলেন এ টি এম আজহারুল ইসলাম
রংপুরের তারাগঞ্জ উপজেলায় হত্যাকাণ্ডের শিকার নিহত সেই ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের অসহায় পরিবারকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ মে) এম পি এ টি এম আজহারুল ইসলাম নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং জীবিকা নির্বাহের জন্য মঞ্জুরুলের স্ত্রীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন। একই সঙ্গে নিহতের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন তিনি।
এ সময় শোকাহত পরিবারটির সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বজন হারানোর বেদনার মাঝেও এমপির মানবিক সহানুভূতিতে কিছুটা স্বস্তি ফিরে আসে পরিবারটিতে।
এমপি এ টি এম আজহারুল ইসলাম বলেন, 'অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। মঞ্জুরুলের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আমি নিয়েছি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত'।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন ফরিজ উদ্দিনের ছেলে ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলাম। এরপর নিখোঁজের তিন দিন পর উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজারের কাছে আলু খেতের মাটিতে পুতে রাখা মরদেহ উদ্ধার করে তারাগঞ্জ থানা পুলিশ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন