তারাগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে বসছে বাজার : খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।
ঐতিহ্যবাহী এই খেলার মাঠটিতে বাজার বসার কারণে খেলাধুলা বঞ্চিত হচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা গেছে, একসময় সকাল-বিকাল খেলোয়াড়দের সমাগমে মাঠটি মুখরিত ছিলো। এখন আর সেটি নেই। এখন এই মাঠটিকে আর খেলার মাঠ মনে হয় না। দেখে মনে হয় এটি যেন গোচরণভূমি। আর প্রতি হাটবারের মাঠ।
বিভিন্ন কারণে মানুষের ফেলে রাখা জমি এখন আর তেমন নেই। আগে মানুষের ফেলে রাখা জমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করতো ছেলেরা। কিন্তু একটি সরকারি বিদ্যালয়ের খেলার মাঠও যদি শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত না থাকে সেখানে যদি বাজার বসে তাহলে সেটি বিরুপ প্রভাব ফেলতে পারে তাদের শরীর ও মনে।
খানাখন্দে পূর্ণ এখন বিদ্যালয়ের সেই মাঠটি। সপ্তাহে দুই দিন হাট বসলেও অন্যান্য দিন ওই মাঠটিকে গোচরণভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আবাসিক এলাকায় মাঠটি হওয়ার কারণে মাঠের পাশ দিয়ে চলাচল করতে হয় কলেজপাড়া ও গোয়ালপাড়া এলাকার বাসিন্দাদের। সেখানকার স্থানীয়রা হাটবার ওই মাঠে অতিরিক্ত লোকসমাগমের কারণে চলাফেরা করতে পারেনা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
প্রায় একবছর আগে মাঠটি কিছুটা সংস্কার করে উপজেলা প্রশাসন। কিন্তু তাতে আশানুরূপ তেমন উন্নতি হয়নি মাঠের। মাঠটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।
তারাগঞ্জ ও/এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবাদুল ইসলাম বলেন, 'মাঠটি এখন তার জৌলুষ হারাতে বসেছে। সেখানে নেই এখন খেলাধুলা। আমি যখন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখন কত খেলাধুলা করেছি ওই মাঠে তার কোন ইয়ত্তা নেই। এখন দেখি প্রতি হাটবার সেখানে বাজার বসে। বিদ্যালয়ের খেলার মাঠে বাজার বসা মোটেও ভালো নয়। খেলার মাঠে যদি বাজার বসে তাহলে শিক্ষার্থীরা কোথায় খেলাধুলা করবে? আমি আশা রাখবো দ্রুত মাঠ থেকে বাজার উচ্ছেদ করে সেখানে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হোক।'
তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কলেজ পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা তাজমুল ইসলাম তাজু বলেন, ' আমি চাই মাঠে আবার শিক্ষার্থীদের খেলাধুলায় মুখরিত হয়ে উঠুক। অতি দ্রুত এই মাঠ থেকে বাজার উচ্ছেদ করতে হবে।'
ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আসলাম হোসেন বলেন, ' আমাদের মাঠে এখন বাজার বসে। আমরা এখন খেলতে পারিনা। দ্রুত আমাদের মাঠ ফিরে দেয়া হোক।'
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন ছুটিতে থাকায় দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার (ভূমি) আসমাউল হুসনা বলেন, ' আমি তো দুদিনের দায়িত্বে রয়েছি এ বিষয়ে কোন মন্তব্য দিতে পারছিনা।'
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন