পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
রংপুরের পীরগাছায় হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। এসময় বক্তব্য রাখেন পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, থানার ওসি রোমেল বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, পল্লিবিদ্যুৎ সমিতির এজিএম রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান ও উপজেলা প্রশিক্ষক আল আমিন ইসলাম।
এছাড়া রাজনৈতিক অঙ্গন থেকে অংশ নেন উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন এবং ইসলামি আন্দোলনের সহসম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মন্থনা বড় তরফ দেবোত্তর এস্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র বর্মন, ছোট তরফের সাধারণ সম্পাদক তরুণ কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নির্মল চন্দ্র বর্মন ও সদস্য সচিব দুঃখেশ্বর মালাকার দুখু। এছাড়া প্রেস ক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মেল হক মুন্সী এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার সভায় বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, আগামী ২৬ সেপ্টেম্বর শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। এ বছর পীরগাছার ৯ ইউনিয়নে মোট ৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন