ঘোড়াঘাটে খালের পানিতে ভেসে থাকা ৩০ পিস ইয়াবা উদ্ধার
পুলিশের চোখ ফাঁকি দিতে খালের পানিতে ইয়াবা ছুড়ে ফেলেও শেষ রক্ষা হয়নি। প্রমাণ গায়েব করার সেই চেষ্টা মুহূর্তেই ভেস্তে দেন এক পুলিশ কর্মকর্তা। খালে ঝাঁপ দিয়ে উদ্ধার করেন পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা। পরে ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই সন্দেহভাজন মাদক কারবারিকে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় ইয়াবার পাশাপাশি জব্দ করা হয় অভিযুক্তদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।
গ্রেপ্তারকৃতরা হলেন আফান ইসলাম হেলাল (৩৫), পিতা ইসমাইল মিয়া। তাঁর স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। অপরজন সালমান শাহ (২৩), পিতা সাইফুল ইসলাম। তাঁর বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এসআই সাইফুল, এসআই ওয়াজিদসহ একটি পুলিশ দল এলাকায় অভিযান চালাচ্ছিল। খাঁ-পুকুর ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় নিজেদের কাছে থাকা ইয়াবাগুলো পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন তাঁরা।
বিষয়টি বুঝতে পেরে এসআই ওয়াজিদ কোনো বিলম্ব না করে খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা তাঁদের বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। বুধবার তাঁদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন