রংপুরে তেলের গুদামে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
রংপুর মহানগরীতে গোডাউনে ভোজ্য তেল বেশি দামে বিক্রির অভিযোগে এসএস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর সেনপাড়া সমাজকল্যান বিদ্যাবিথি কলেজ এলাকার পাইকারী বিক্রেতা এসএস ট্রেডার্সে এই অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর, জেলা প্রশাসন ও র্যাব-১৩।
এসময় গোডাউনে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, জারকিনের গায়ে মূল্য তালিকা ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকা এবং ক্রয় ও বিক্রয়মূল্যের ভাউচার না থাকায় প্রতিষ্ঠানটির মালিক সাজিদুল ইসলাম মুকুলকে ২০ হাজার টাকা জরিমানা করে সংস্থাটি।
তবে এসএস ট্রেডার্সের ম্যানেজার লিটন মিয়া জানান, ‘আমরা কিছু বেশি দামে বিক্রি করছিলাম সেকারণে আমাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। অন্য কোনো ত্রুটি ছিল না।’
র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার বিপ্লব গোস্বামী জানান, ‘রংপুর বিভাগে যেন ভোজ্য তেল ও জ্বালানি তেলের কোনো ধরনের মজুদদারি না হয়, বাজার যেন স্থিতিশীল থাকে সেজন্যই জেলা প্রশাসন, ভোক্তা, বিএসটিআইসহ স্টেকহোল্ডারদের অভিযানে আমরা সহযোগিতা করছি। যে-কোনো মূল্যে কালোবাজারি ও মজুদদারি রোধ করা হবে।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ভোজ্য তেলের যেন সরবরাহ কাঠামো ঠিক থাকে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে যেন অতিরিক্ত মূল্যে বিক্রি না হয়, সেটি নিশ্চিত করার জন্য তদারকি চলছে। এরই ধারাবাহিকতায় বেশি দামে বিক্রির অভিযোগে এসএস ট্রেডার্সের মালিক সাজিদুল ইসলাম মুকুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, অবশ্যই ব্যবসায়ীদেরকে বিক্রয় ও ক্রয়মূল্য রেজিস্টার ও ভাউচার সংরক্ষণ রাখতে হবে। উৎপাদন ও মেয়াদের তারিখ এবং মূল্য মোড়কে লেখা থাকতে হবে। সরবরাহ চেইন ঠিক রাখতে হবে। নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। যারাই এটা করতে ব্যর্থ হবেন। তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন