মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে ২৩ জনসহ অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড় সদর থানা

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৮ জুলাই, ২০২৬, ১০:০৩ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ দুপুর
  • উপজেলা: পঞ্চগড় সদর
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার-সংলগ্ন এলাকায় পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ জুন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজার-সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলকের মাঝখানে, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেটে এবং লোহার তৈরি ত্রিভুজাকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে মোট তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নির্দেশে এসআই মো. আসাদুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলোর সত্যতা পান। পরে পোস্টারগুলো জব্দ করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করা হয়েছে। এছাড়া পোস্টারে "২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী", "জয় বাংলা", "জয় বঙ্গবন্ধু"সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। পুলিশ দাবি করেছে, এসব পোস্টার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার ও সমর্থনের উদ্দেশ্যে লাগানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। মামলায় সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এজাহারে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম