কুড়িগ্রামে গ্রাম আদালতে এক বছরে ২ হাজার ৩৩৫ মামলা নিষ্পত্তি
কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়ন পরিষদে অবস্থিত গ্রাম আদালতগুলো গত এক বছরে মোট ২ হাজার ৩৩৫টি মামলা নিষ্পত্তি করেছে। নিষ্পত্তি হওয়া এসব মামলা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা’ সভায় এ তথ্য জানানো হয়।
মামলার পরিসংখ্যান
জমা পড়া আবেদন: ২,৫১৫টি
নিষ্পত্তি: ২,৩৩৫টি মামলা
ক্ষতিপূরণ আদায়: ১ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৩২০ টাকা
এই তথ্য জানান এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা।
প্রধান অতিথি জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন “ইউনিয়নের ভালো-মন্দ দেখার দায়িত্ব ইউপি চেয়ারম্যানদের। বিশেষ করে সীমানাসংক্রান্ত দ্বন্দ্বগুলো গ্রাম আদালতের মাধ্যমে গুরুত্ব সহকারে নিষ্পত্তি করতে হবে। পরিষদের এজলাস সংস্কার করতে হবে এবং বিচার প্রক্রিয়ায় সবার প্রতি সমান দৃষ্টি রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”
সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।
সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন