কুড়িগ্রামে বেপরোয়া অটো রিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম।
নিহত আমিনুল ইসলাম (৪৫) কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের নওয়াবস গ্রামের হায়দার আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, আমিনুল ইসলাম বাইসাইকেল নিয়ে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। পথে জজ কোর্ট মোড়ে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে আমিনুল ইসলাম গুরুতর আহত হন। তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন