কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি একাত্মতা প্রকাশ করে অংশ নেন শিক্ষকরা।
মানববন্ধনে গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জহুরুল ইসলাম মিরাতের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সোলায়মান আলী, প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল ইসলাম কাজল এবং ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক মিলন।
বক্তারা বলেন, একজন শিক্ষক তার কর্মস্থলে নিরাপদ নন—এটি অত্যন্ত উদ্বেগজনক। নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা ওই শিক্ষককে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন শিক্ষকের ওপর হামলা নয়, বরং পুরো শিক্ষক সমাজের ওপর আঘাত।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধান জাহাঙ্গীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন