‘Young Creator Empowerment Project’ বাস্তবায়নে শিক্ষামন্ত্রীর কাছে খোলা চিঠি
তরুণদের সৃজনশীলতা, বাস্তব দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে “Young Creator Empowerment Project (YCEP)” জাতীয় পর্যায়ে বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছে Youth Career & Development Organization (YCDO)।
রংপুর থেকে পরিচালিত Youth Career & Development Organization-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. হানিফ আলী সম্প্রতি শিক্ষামন্ত্রীর কাছে এই খোলা চিঠি প্রদান করেন। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শিক্ষার বিস্তার, প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব দক্ষতা ও উদ্যোক্তা মানসিকতার সমন্বয় এখনও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
চিঠিতে আরও বলা হয়, প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হলেও অনেকেই কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা ও সৃজনশীলতা অর্জনের সুযোগ পায় না। এই বাস্তবতা বিবেচনায় Youth Career & Development Organization “Young Creator Empowerment Project (YCEP)” নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে। প্রকল্পটির মাধ্যমে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, বাস্তব দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা নিজ হাতে বিভিন্ন পণ্য তৈরি করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত “Young Creator Fair Day”-এ সেই পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা বাস্তব গ্রাহকের সাথে যোগাযোগ করে ব্যবসায়িক অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অর্জন করতে পারবে।
চিঠিতে শিক্ষামন্ত্রীর কাছে তিনটি প্রস্তাবও তুলে ধরা হয়েছে। এগুলো হলো দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি বাস্তবায়নের সুযোগ দেওয়া, দক্ষতা ও উদ্যোক্তা ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় নীতিগত সহায়তা প্রদান এবং ভবিষ্যতে জাতীয় শিক্ষাক্রমে এ ধরনের উদ্যোগ অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা।
সংগঠনটির আশা, সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী নয়, বরং ভবিষ্যতের উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে পারবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন