মূল কনটেন্টে যান
আজঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ -এ ১১ কার্তিক ১৪৩৩ - ১৪ জুমাদাল উলা ১৪৪৮

লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

রহিম বাবু , 42 , লালমনিরহাট প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৫ অক্টোবর, ২০২৬, ৪:২১ দুপুর আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৬, ৮:০৪ রাত

সংক্ষেপে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারীর আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় বাঘটি তাড়াতে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

  • উপজেলা: হাতীবান্ধা
  • জেলা: লালমনিরহাট
  • বিভাগ: রংপুর

রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল ৯০৫ নম্বর পিলারসংলগ্ন সীমান্তে এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘের আক্রমণে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪) এবং একই এলাকার নজরুল ইসলাম এবং আফসার আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমঝোল এলাকার শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে যান। তারা সীমান্তের কাছাকাছি পৌঁছালে দেখতে পান একটি বাঘ একটি ছাগলকে আক্রমণ করছে। এ সময় শরিফা বেগম ভয়ে চিৎকার শুরু করলে বাঘটি তাকে ধাওয়া করে আক্রমণ চালায়। শরিফা চিৎকার করলে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে দ্রুত ছুটে আসেন। এ সময় ক্ষিপ্ত হয়ে বাঘটি স্থানীয়দের ওপরও চড়াও হয়। বাঘ আক্রমণ করে তিনজনকে আহত করে। পরে স্থানীয় লোকজনের ধাওয়ায় বাঘটি সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন রহমান জানান, বাঘের আক্রমণের শিকার হয়ে আহত রোগীরা হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরা রয়েছেন। আহতদের পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।