‘হাসিখুশি ভাইরাল সাইমন’ দৃষ্টিশক্তি হারানোর পথে : উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লাখ টাকা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী গ্রামের ছয় বছরের শিশু সাইমন— যাকে তার সরল হাসি, কথা আর আচরণে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ চিনে ও ভালোবেসে ফেলেছে। কিন্তু সেই সাইমন আজ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইমনের দুই চোখেরই প্রায় ৯০ শতাংশ দৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনই উন্নত চিকিৎসা না হলে সে চিরতরে অন্ধ হয়ে যেতে পারে।
সাইমন দিনমজুর সুমন মিয়ার ছেলে। অল্প বয়সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ভালোবাসায় পরিচিত হয় সে। কিন্তু বর্তমানে সে পৃথিবীটাকে তেমনভাবে দেখতে পারে না। চোখের অসুস্থতার কারণে ক্রমেই অন্ধকারে ডুবে যাচ্ছে তার জীবন।

চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা। কিন্তু সাইমনের পরিবারের দৈনন্দিন আয়েই কোনো রকমে সংসার চলে। এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়।
সাইমনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার বাচ্চাটা যদি চোখে না দেখতে পারে—আমরা কীভাবে এটা মেনে নেব? আমরা গরিব মানুষ। আপনাদের দোয়া ও সাহয্যে যদি আমার সাইমন আবার পৃথিবীটা দেখতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড় স্বপ্ন।”
সাইমনের বাবা বলেন,
“ছেলেটা সবার মুখে আনন্দ দিয়েছে। আজ সে নিজেই আলো হারাতে বসেছে। যদি সবাই একটু করে পাশে দাঁড়ান, হয়তো আমার ছেলেকে বাঁচানো সম্ভব।”
স্থানীয়রা জানিয়েছেন, শিশুটির চিকিৎসা বিলম্বিত হলে দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাই দ্রুত সহায়তা প্রয়োজন।
একটি শিশুর চোখে আবার আলো ফিরিয়ে দিতে সামাজিকভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সাহায্য পাঠানোর ঠিকানা (সরাসরি পরিবারের কাছে):
ব্যাংক: ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংকিং
অ্যাকাউন্ট নম্বর: 20507770206554289
বিকাশ / নগদ: 01719095539 (পার্সোনাল)
নাম: সুমন মিয়া (সাইমনের বাবা)
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন