নিয়োগবিধি ও নীতিমালা প্রণয়নের দাবিতে পঞ্চগড়ে পরিবার পরিকল্পনা কর্মচারীদের অবস্থান কর্মসূচি
পঞ্চগড়ে নিয়োগবিধি ও নীতিমালা প্রণয়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মচারী পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শিকারা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বানে পঞ্চগড় সদর উপজেলা চত্বরেই এই কর্মসূচির সূচনা হয়।
অবস্থান কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবার কল্যাণ সহকারী সমিতি এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি পঞ্চগড় শাখার সদস্যরা একযোগে অংশ নেন। তারা ঘোষণা দিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময়ে এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা কর্মচারীরা তাদের কর্মস্থল ছেড়ে উপজেলা চত্বরে চেয়ার-নিয়ে বসে অবস্থান করছেন এবং নিজেদের ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন। কর্মসূচিতে উপস্থিতরা “এক দফা এক দাবি নিয়োগবিধি চাই” বলে স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা সহকারী মুক্তা বেগম ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আহসান হাবিব।
তারা বলেন, ২৬ বছর ধরে পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ে চাকরি করলেও এখনও তিনটি গুরুত্বপূর্ণ পদে পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শিকাদের কোনো নিয়োগবিধি বা নীতিমালা নেই। ফলে দীর্ঘদিন একই পদেই চাকরি করতে হচ্ছে; পদোন্নতি নেই, গ্রেড পরিবর্তন নেই। অথচ অন্যান্য দপ্তরের কর্মচারীরা সহজেই পদোন্নতি ও গ্রেড পরিবর্তনের সুযোগ পাচ্ছেন যা তাদের কাছে এক ধরনের ‘বৈষম্য’ বলে মনে হচ্ছে।
পরিদর্শক আহসান হাবিব বলেন, দীর্ঘ ২৬ বছর মাঠ পর্যায়ে কাজ করছি, কিন্তু আমাদের কোনো নিয়োগবিধি নেই। যে পদে চাকরিতে প্রবেশ করি, সেই পদেই অবসর নিতে হয়। মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি তবুও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। আমাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।
পরিবার কল্যাণ সহকারীরা জানান, দাবি পূরণ না হলে এবারের সেবা সপ্তাহের কার্যক্রম বর্জন করা হবে। তারা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান এই বৈষম্য দূর করে দ্রুত নিয়োগবিধি চূড়ান্ত করার জন্য।
অবস্থান কর্মসূচিতে জেলার ৫০ জনের বেশি পরিবার কল্যাণ সহকারী, পরিদর্শক ও পরিদর্শিকা অংশগ্রহণ করেন। তারা ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ কর্মস্থলে ফিরবেন না।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন