কিশোরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ
- উপজেলা: কিশোরগঞ্জ
- জেলা: নীলফামারী
- বিভাগ: রংপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। অল্প সময়ের মধ্যে সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়। বিকেল ৫টায় ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সভাপতি বিলকিস ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি সঠিক আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং কোনো ষড়যন্ত্রই দলকে দমিয়ে রাখতে পারবে না। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ধানের শীষ অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা সাধারণ মানুষের ভোটাধিকার চাই। বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় না, সবসময় ভোটের মাধ্যমেই সরকার গঠন করেছে এবং ভবিষ্যতেও করবে।”
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন